যে ভিটামিনের ঘাটতিতে মুখে ঘা হতে পারে
শরীর সুস্থ রাখতে প্রয়োজন বিভিন্ন ধরনের ভিটামিন ও পুষ্টি উপাদান। তবে খাদ্যাভ্যাসে অসচেতনতার কারণে অনেকের শরীরে প্রয়োজনীয় ভিটামিনের ঘাটতি দেখা দেয়, যার প্রভাব পড়ে স্বাস্থ্যে। বিশেষ করে কিছু ভিটামিনের অভাবে মুখে ঘা, জ্বালাপোড়া বা ক্ষত তৈরি হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ভিটামিন বি-১২ শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে, নিরামিষভোজীদের মধ্যে এই ভিটামিনের ঘাটতি তুলনামূলক বেশি দেখা যায়। ভিটামিন বি-১২ এর অভাবে মুখে বারবার ঘা হওয়া, জিহ্বা লাল হয়ে যাওয়া এবং জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
এ ছাড়া ভিটামিন বি-কমপ্লেক্সের ঘাটতি হলে ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া, মুখের কোণে ফাটল বা ঘা হওয়ার ঝুঁকি বাড়ে। অন্যদিকে ভিটামিন সি কমে গেলে মুখের ভেতরে ক্ষত তৈরি হওয়া এবং মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যাও দেখা দিতে পারে।
তবে শুধু ভিটামিনের অভাব নয়, আরও বিভিন্ন কারণেও মুখে ঘা হতে পারে। যেমন—আয়রনের ঘাটতি, অতিরিক্ত ঝাল বা টক খাবার খাওয়া, মানসিক চাপ, গ্যাস্ট্রিকের সমস্যা কিংবা মুখের ভেতরে আঘাত লাগা।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সমস্যা এড়াতে প্রতিদিন সুষম খাবার খাওয়া জরুরি। খাদ্যতালিকায় শাকসবজি, ফলমূল, ডিম ও দুধ রাখার পাশাপাশি পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া মুখে ঘা বারবার হলে বা দীর্ঘদিন না সারলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।