বাংলাদেশে গম রপ্তানির প্রস্তাব অস্ট্রেলিয়ার
বাংলাদেশে গম রপ্তানির প্রস্তাব দিয়েছে অস্ট্রেলিয়া বলে জানিয়েছেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।
বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, খাদ্য নিরাপত্তা এবং খাদ্য ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় খাদ্য প্রতিমন্ত্রী প্রতিনিধিদলকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, বর্তমান সরকার দেশের খাদ্য মজুদ ও সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করছে।
খাদ্য সংরক্ষণ ও আধুনিক গুদাম ব্যবস্থাপনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের সব নাগরিকের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি আরও বলেন, সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ এবং এ লক্ষ্য অর্জনে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অন্যদিকে অস্ট্রেলিয়ার হাইকমিশনার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও খাদ্য ব্যবস্থাপনায় সরকারের সফলতার প্রশংসা করেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান।
তিনি আরও জানান, বর্তমানে অস্ট্রেলিয়ায় প্রায় ২৮ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন।