শনিবার , ০৯ মে ২০২৬
শনিবার , ০৯ মে ২০২৬
হোমখেলাজন্মদিনে ফিফটি করে স্মরণীয় দিন কাটালেন মুশফিক

জন্মদিনে ফিফটি করে স্মরণীয় দিন কাটালেন মুশফিক

favicon
ভোরের আলো ডেস্ক:
জন্মদিনে ফিফটি করে স্মরণীয় দিন কাটালেন মুশফিক

নিজের জন্মদিনটিকে আরও বিশেষ করে তুললেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে দারুণ ধৈর্য ও অভিজ্ঞতার পরিচয় দিয়ে তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের ২৯তম অর্ধশতক।

ক্যারিয়ারের ১০১তম টেস্ট খেলতে নেমে দিনের শুরুতে ৪৮ রানে অপরাজিত ছিলেন মুশফিক। অন্য প্রান্তে ছিলেন লিটন দাস, যার সংগ্রহ ছিল ৮ রান।

দিনের খেলা শুরু হওয়ার পর চতুর্থ ওভারের দ্বিতীয় বলে শাহীন শাহ আফ্রিদি–র বল থেকে সিঙ্গেল নিয়ে ১১৪ বলে ফিফটি পূর্ণ করেন এই অভিজ্ঞ ব্যাটার। তার ইনিংসে ছিল ৬টি চারের মার।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার মুশফিক আজ ৩৯ বছরে পা রেখেছেন। জন্মদিন উপলক্ষে সকালে সতীর্থদের সঙ্গে কেক কেটে উদ্‌যাপন করেন তিনি। পরে সেই কেক মাঠকর্মীদের মাঝেও ভাগ করে দেন।

১৩টি টেস্ট সেঞ্চুরির মালিক মুশফিকের জন্য জন্মদিনের এই ফিফটি নিঃসন্দেহে বিশেষ একটি অর্জন। তবে ইনিংসটিকে শতকে রূপ দিতে পারলে সেটিই হবে তার জন্য সবচেয়ে বড় উপহার।

এই অর্ধশতকের মাধ্যমে টেস্ট ক্রিকেটে টানা তিন ইনিংসে ৫০ বা তার বেশি রানের দেখা পেলেন মুশফিক। এর আগে গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে তার আগের দুই ইনিংসের স্কোর ছিল ৫৩ ও ১০৬।

অভিজ্ঞ এই ব্যাটারের ওপর ভর করেই বড় সংগ্রহের আশা দেখছে বাংলাদেশ দল।