শনিবার , ০৯ মে ২০২৬
শনিবার , ০৯ মে ২০২৬
হোমরাজনীতি‘গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত’

‘গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত’

favicon
ভোরের আলো ডেস্ক:
‘গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত’

মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় সংসদে ৭৭ জন সংসদ সদস্য নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি শক্তিশালী বিরোধী দলের দায়িত্ব পালন করছে। তিনি জানান, দলটি কেবল বিরোধিতার জন্য বিরোধিতা করবে না; বরং দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা রাখবে।

শনিবার (৯ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা–এর ‘মানবকল্যাণ পরিষদ ট্রেনিং সেন্টার অ্যান্ড রিসোর্টে’ জেলা জামায়াত আয়োজিত ‘সদস্য (রোকন) শিক্ষা শিবির-২৬’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, দলের আমির ডা. শফিকুর রহমান সংসদের প্রথম দিন থেকেই ‘রেসপন্সিবল’ (দায়িত্বশীল) ও ‘কনস্ট্রাক্টিভ’ (গঠনমূলক) এই দুটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি আরও বলেন, সরকারের ভালো ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে জামায়াত পূর্ণ সমর্থন দেবে। তবে জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড হলে তার বিরুদ্ধে দলটি সোচ্চার প্রতিবাদ জানাবে।

সংসদীয় গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, সরকারি দল ও বিরোধী দল একটি সাইকেলের দুই চাকার মতো। একটি ছাড়া অন্যটি কার্যকরভাবে চলতে পারে না। দেশের উন্নয়ন ও জাতীয় সংকট মোকাবিলায় সরকারকে সব ধরনের গঠনমূলক সহযোগিতা দিতে জামায়াতে ইসলামী প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।