শনিবার , ০৯ মে ২০২৬
শনিবার , ০৯ মে ২০২৬
হোমজাতীয়বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের ‘স্মার্ট কারে’ চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের ‘স্মার্ট কারে’ চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের ‘স্মার্ট কারে’ চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলাম–এর উদ্ভাবিত ‘এ টু আই স্মার্ট কার’ পরিদর্শন করেছেন তারেক রহমান। শনিবার (৯ মে) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ওয়াকিমুল ইসলাম তার তৈরি ব্যাটারিচালিত বিশেষ বাহনটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। পরে প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে নিজেই স্মার্ট কারটি চালিয়ে দেখান তিনি।

দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এমন উদ্ভাবনী উদ্যোগ নেওয়ায় ১৭ বছর বয়সী এই তরুণের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি কম খরচে আরও আধুনিক ও ব্যবহারবান্ধব স্মার্ট কার তৈরির পরামর্শ দেন এবং ভবিষ্যতে এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের সহযোগিতার আশ্বাসও দেন।

ওয়াকিমুল ইসলাম জানান, একসময় তিনি সারাদিন বাসায় থাকতেন এবং একা চলাফেরা করতে পারতেন না। সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চিন্তা থেকেই তিনি স্মার্ট কার তৈরির উদ্যোগ নেন। তিনি চৌগাছা সরকারি কলেজ–এর একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও উন্নতমানের স্মার্ট কার তৈরি করা সম্ভব, যা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি বয়স্ক মানুষেরও চলাচলে সহায়ক হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি–এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল। তিনি জানান, বৈদ্যুতিক চার্জে গাড়িটি প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং ঘণ্টায় সর্বোচ্চ গতি ৪৫ কিলোমিটার।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।