যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবি ইসলামিক ফ্রন্টের
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্য চুক্তিকে ‘অসম’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে।
শনিবার (৯ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাব–এর সামনে আয়োজিত মানববন্ধনে দলটির নেতারা এ দাবি জানান।
মানববন্ধনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ফরিদ উদ্দীন বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বৈষম্য আরও বাড়বে। তিনি দাবি করেন, চুক্তিটি বহাল থাকলে ভবিষ্যতে দেশ বড় ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে পড়তে পারে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে দ্রুততার সঙ্গে করা এই চুক্তি বাংলাদেশের স্বাধীন অর্থনৈতিক নীতিকে সীমাবদ্ধ করবে এবং অন্য দেশের সঙ্গে স্বাধীনভাবে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রেও বাধা সৃষ্টি করতে পারে।
মানববন্ধনে দলটির মহাসচিব জয়নুল আবেদীন জুবাইর বলেন, অন্তর্বর্তী সরকারের দেশের স্বার্থবিরোধী এমন চুক্তি করার এখতিয়ার ছিল না। তার ভাষ্য অনুযায়ী, এটি মূলত যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে করা হয়েছে।
তিনি আরও বলেন, চুক্তিটি কার্যকর থাকলে বাংলাদেশ অন্য দেশের সঙ্গে স্বাধীনভাবে চুক্তি করতে সমস্যায় পড়তে পারে। তাই বিষয়টি সংসদে উত্থাপন করে জনসম্মুখে আলোচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।