সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত, তামিলনাড়ুতে সরকার গঠনের পথে বিজয়ের দল
দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তামিঝাগা ভেট্রি কঝগম (টিভিকে)। দক্ষিণী অভিনেতা সি জোসেফ বিজয়–এর নেতৃত্বাধীন দলটি এবার প্রথমবারের মতো তামিলনাড়ু–তে সরকার গঠনের পথে এগোচ্ছে।
বিদুথালাই চিরুতাইগাল কাচি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) নিঃশর্ত সমর্থন দেওয়ায় টিভিকে নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০-এ। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন।
সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর বিজয়ের দলীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। নির্বাচনে একক বৃহত্তম দল হলেও পর্যাপ্ত আসন না থাকায় কয়েকদিন ধরে রাজনৈতিক জটিলতায় ছিল টিভিকে।
NDTV–এর হাতে আসা ভিসিকের সমর্থনপত্রে বলা হয়েছে, তামিলনাড়ুর জনগণের স্বার্থে স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার গঠনের লক্ষ্যেই তারা টিভিকেকে সমর্থন দিচ্ছে।
এখন পরবর্তী ধাপে ১১৮ জন বিধায়কের সমর্থনপত্র নিয়ে রাজ্যপাল আর ভি আরলেকর–এর কাছে সরকার গঠনের দাবি জানাবেন বিজয়। এরপর তাকে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হতে পারে।
এর আগে টিভিকের সঙ্গে কংগ্রেসের ৫ জন, বামপন্থী দলগুলোর ৪ জন এবং অন্যান্য মিত্রদের সমর্থন ছিল। পরে ভিসিকে ও আইইউএমএল সমর্থন দেওয়ায় জোটের শক্তি আরও বৃদ্ধি পায়।
তবে কংগ্রেসের পক্ষ থেকে মন্ত্রিসভায় অন্তত দুটি মন্ত্রণালয়ের দাবি তোলা হয়েছে বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে। অন্যদিকে বাম দলগুলো নিঃশর্ত সমর্থন দিয়েছে।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এম কে স্টালিন নেতৃত্বাধীন দ্রাবিড় মুন্নেত্র কড়গম (ডিএমকে)। স্টালিন বলেন, রাজনৈতিক অস্থিরতা এড়াতেই তারা এ অবস্থান নিয়েছেন।