হামে শিশুমৃত্যুর ঘটনায় দায় নির্ধারণে তদন্ত শুরু করেছে সরকার
মো. কামরুজ্জামান চৌধুরী বলেছেন, দেশে চলমান হাম পরিস্থিতিতে শিশুমৃত্যুর ঘটনায় রাষ্ট্রের দায় রয়েছে এবং এ বিষয়ে সরকার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।
শনিবার (৯ মে) রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়–এর ডা. মিল্টন হলে আয়োজিত ‘হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে স্বাস্থ্যসেবা ও শিক্ষা বিভাগের সচিব এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।
স্বাস্থ্যসচিব বলেন, কোনো শিশুর মৃত্যু হলে তার কারণ অনুসন্ধান করা এবং দায় নির্ধারণ করা রাষ্ট্রের দায়িত্বের অংশ। হামে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যুর পেছনে কোথায় ঘাটতি ছিল, কারও অবহেলা ছিল কি না বা দায়িত্ব পালনে কোনো শৈথিল্য ছিল কি না—এসব বিষয় তদন্তে খতিয়ে দেখা হবে।
তিনি জানান, ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং এর মাধ্যমে শিশুমৃত্যুর প্রকৃত কারণ ও স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করার চেষ্টা করা হবে।