রবিবার , ১০ মে ২০২৬
রবিবার , ১০ মে ২০২৬
হোমরাজনীতিকসবা সীমান্তে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের উদ্বেগ

কসবা সীমান্তে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের উদ্বেগ

favicon
ভোরের আলো ডেস্ক:
কসবা সীমান্তে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের উদ্বেগ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)–এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

শনিবার (৯ মে) দেওয়া এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, গত ৮ মে রাতে কসবা উপজেলা–এর গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর এলাকার বাসিন্দা ও এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুরসালিন এবং একই ইউনিয়নের মধুপুর গ্রামের নবীর হোসেনকে বিএসএফ সদস্যরা গুলি করে হত্যা করেছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ড বারবার ঘটলেও তা বন্ধে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বারবার এমন ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে।

তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোটায় নামিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে হত্যার ঘটনা অব্যাহত রয়েছে। সীমান্তে বাংলাদেশিদের হত্যার বিচার না হওয়াকে উদ্বেগজনক বলেও উল্লেখ করেন তিনি।