উচ্চশিক্ষা উন্নয়ন নিয়ে ইউজিসির জাতীয় কর্মশালা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের জাতীয় কর্মশালা আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এই কর্মশালা আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান জানান, উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
তিনি আরও জানান, উদ্বোধনী পর্ব শেষে পাঁচটি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে গ্রাজুয়েটদের কর্মসংস্থান সক্ষমতা, দক্ষতা উন্নয়ন, চাহিদাভিত্তিক শিক্ষা, শিল্প ও একাডেমিয়ার সহযোগিতা, বৈশ্বিক প্রতিযোগিতা, ডিজিটাল রূপান্তর, ডিজিটাল সাক্ষরতা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, গবেষণার উৎকর্ষ, আন্তর্জাতিকীকরণ, সুশাসন, মান নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে আলোচনা হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উচ্চশিক্ষা উন্নয়নে বাস্তবায়নযোগ্য নীতিগত পথনকশা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।