ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে শিক্ষা নিচ্ছে চীন, সতর্কতা বাড়াচ্ছেন বিশেষজ্ঞরা
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ তৃতীয় মাসে গড়িয়েছে। এই সংঘাত ঘিরে নতুন করে বিশ্লেষণ করছে আন্তর্জাতিক সামরিক মহল, যেখানে চীনের সম্ভাব্য কৌশলগত অবস্থান নিয়েও আলোচনা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে চীন, তাইওয়ানসহ বিভিন্ন দেশের সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই যুদ্ধ চীনের জন্য আধুনিক যুদ্ধের বাস্তবতা বোঝার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে এটি চীনের সামরিক সক্ষমতার সীমাবদ্ধতাও সামনে নিয়ে আসছে।
বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতা চীনকে নিজেদের সামরিক প্রস্তুতি ও কৌশল পুনর্মূল্যায়নে বাধ্য করছে। তারা সতর্ক করে বলেছেন, শুধু সক্ষমতা নয়, যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞতার ঘাটতি এবং সংঘাতের পরিণতি সম্পর্কে পুরনো দৃষ্টিভঙ্গিও পরিবর্তন করা প্রয়োজন।
চীনের সাবেক বিমানবাহিনী কর্নেল ফু কিয়ানশাও বলেন, এই যুদ্ধের একটি বড় শিক্ষা হলো—আক্রমণের চেয়ে প্রতিরক্ষা ব্যবস্থা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, ইরান যেভাবে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও থাডের মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে পেরেছে, তা চীনের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।
তিনি আরও বলেন, ভবিষ্যতে বড় ধরনের সামরিক বিপর্যয় এড়াতে প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে তা দ্রুত উন্নত করা জরুরি।