মঙ্গলবার , ১২ মে ২০২৬
মঙ্গলবার , ১২ মে ২০২৬
হোমবিশ্বস্থানীয় নির্বাচনে ভরাডুবির পর স্টারমারকে ঘিরে লেবার পার্টিতে তীব্র বিভক্তি

স্থানীয় নির্বাচনে ভরাডুবির পর স্টারমারকে ঘিরে লেবার পার্টিতে তীব্র বিভক্তি

favicon
ভোরের আলো ডেস্ক:
স্থানীয় নির্বাচনে ভরাডুবির পর স্টারমারকে ঘিরে লেবার পার্টিতে তীব্র বিভক্তি

স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী ও লেবার দলের নেতা কিয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে দলে গভীর বিভক্তি দেখা দিয়েছে। দলটির একাধিক জ্যেষ্ঠ মন্ত্রী তার সরে যাওয়ার নির্দিষ্ট সময়সূচি ঘোষণার দাবি তুলেছেন।


দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদসহ কয়েকজন প্রভাবশালী নেতা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে নেতৃত্ব পরিবর্তনের রূপরেখা স্পষ্ট করা জরুরি। তবে মন্ত্রিসভার ভেতরে এ নিয়ে মতবিরোধও রয়েছে।


স্টারমারের ভবিষ্যৎ নিয়ে বিতর্কের মধ্যেই সরকারের ছয়জন মন্ত্রী সহকারী পদ ছেড়েছেন। মঙ্গলবার ভোর পর্যন্ত অন্তত ৭২ জন লেবার সদস্য তার সরে যাওয়ার সময়সূচি ঘোষণার দাবি জানান। এ অবস্থায় জরুরি বৈঠক ডাকা হয়েছে।


পদত্যাগকারীদের একজন জো মরিস বলেন, প্রধানমন্ত্রী জনগণের আস্থা হারিয়েছেন। অন্যরাও অভিযোগ করেছেন, দলের ভেতরে নেতৃত্বের সংকট তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের কাছেও সরকারের গ্রহণযোগ্যতা কমে গেছে।

তবে স্টারমার স্পষ্ট জানিয়েছেন, তিনি সরে দাঁড়াবেন না। তিনি বলেন, সমালোচকদের ভুল প্রমাণ করবেন এবং সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সঠিক ছিল।


সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার দলের বড় ধাক্কা লাগে। ইংল্যান্ডে দলটি প্রায় দেড় হাজার কাউন্সিলর হারায়। একই সঙ্গে বিকল্প রাজনৈতিক শক্তিগুলোর উত্থানে দলটির জনসমর্থনও কমেছে।


ওয়েলসে দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব হারানোর পাশাপাশি স্কটিশ পার্লামেন্টেও ইতিহাসের অন্যতম খারাপ ফল করেছে লেবার।


দলের ভেতরে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য নতুন মুখ হিসেবে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহামের নাম আলোচনায় এসেছে।