মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আগের তুলনায় অনেকটা সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদুল আজহার আগেই তাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে।
সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাস এখন কিছু সময়ের জন্য আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন। এতে তার শারীরিক অবস্থার উন্নতির ইঙ্গিত মিলছে।
তবে তিনি আরও জানান, দেশে ফেরানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতে। পরিবার ঈদের আগেই তাকে দেশে আনার ব্যাপারে আগ্রহী।
গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং পরবর্তীতে পুনর্বাসন ও বিশেষায়িত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।