ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিলেন মার্কিন উপরাষ্ট্রপতি
ইরানের সর্বশেষ প্রস্তাবকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করলেও দুই দেশের আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স।
বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে। তবে প্রেসিডেন্টের নির্ধারিত সীমার মধ্যে থেকে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা সম্ভব হচ্ছে কি না, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
জেডি ভ্যান্স আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান একেবারেই পরিষ্কার। ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য।
সংবাদ সম্মেলনে তিনি জানান, শান্তি আলোচনায় ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই কিছুটা অগ্রগতি অর্জন করেছে।
তবে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না—এই মৌলিক অবস্থানে প্রেসিডেন্ট ট্রাম্প ও তিনি একই মত পোষণ করেন।