জুন থেকে বাড়তে পারে বিদ্যুতের দাম, মে মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত
আগামী মাস থেকেই দেশের বিদ্যুতের দাম বাড়তে পারে। নিয়ন্ত্রক সংস্থা এনার্জি রেগুলেটরি কমিশন জানিয়েছে, চলতি সপ্তাহে গণশুনানি শেষ করে মে মাসের মধ্যেই নতুন দাম চূড়ান্ত করা হবে। নতুন মূল্য কার্যকর হলে জুন থেকে গ্রাহকদের বাড়তি বিল পরিশোধ করতে হবে।
বিদ্যুৎ, জ্বালানি তেল ও এলপি গ্যাসের পর বিদ্যুতের দাম বাড়লে সাধারণ মানুষের জীবনযাত্রায় আরও চাপ তৈরি হবে বলে মনে করছেন ভোক্তারা। তাদের মতে, এতে দৈনন্দিন খরচ আরও বেড়ে যাবে।
অর্থনীতিবিদরা বলছেন, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব শুধু জনজীবনে নয়, দেশের সামগ্রিক অর্থনীতিতেও পড়বে। তবে জ্বালানি খাতে ব্যয় ও পরিস্থিতির কারণে সরকারকে বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নিতে হতে পারে বলে তারা মনে করেন।
সম্প্রতি আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে পরিবহন খরচ ও নিত্যপণ্যের দামে। একই সঙ্গে বোতলজাত এলপি গ্যাসের দামও দ্রুত বৃদ্ধি পেয়েছে।
এ অবস্থায় নিম্ন ও মধ্য আয়ের মানুষ সবচেয়ে বেশি চাপে পড়েছেন। এর মধ্যেই বিদ্যুতের দাম এক লাফে প্রায় ২৯ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব এসেছে সরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর পক্ষ থেকে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন বিতরণ ও সঞ্চালন কোম্পানির প্রস্তাব যাচাই করতে এনার্জি রেগুলেটরি কমিশন বুধবার ও বৃহস্পতিবার গণশুনানি আয়োজন করছে। শুনানি শেষে মতামতের ভিত্তিতে দ্রুত নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান।