জয়-পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাক্ষ্যগ্রহণ
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার (১৮ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হবে।
এর আগে গত ৩ মে মামলার ষষ্ঠ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারিত ছিল। তবে সাক্ষী অসুস্থ থাকায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। এ কারণে শুনানি পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়।
মামলায় জুনাইদ আহমেদ পলক বর্তমানে কারাগারে রয়েছেন। অন্যদিকে পলাতক থাকায় সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আদালতে আইনি কার্যক্রম পরিচালনা করছেন।
গত ২৬ এপ্রিল মামলার পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন হয়। ওই সাক্ষী ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানির একজন কর্মকর্তা। তাকে জেরা করেন আইনজীবী আমিনুল গণি টিটোসহ আসামিপক্ষের অন্য আইনজীবীরা। এর আগে ১৯ এপ্রিল তার সাক্ষ্য রেকর্ড করা হয়েছিল।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই রাতে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কর্মকাণ্ডে যুক্ত হন জুনাইদ আহমেদ পলক। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের ওপর পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র সদস্যরা হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া ইন্টারনেট সংযোগ বন্ধে ভূমিকা রাখা, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে উসকানি দেওয়া এবং হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে। মামলার অভিযোগে বলা হয়েছে, এসব ঘটনায় রাসেল ও মোসলেহ উদ্দিনসহ ২৮ জন নিহত হন। একই সঙ্গে উত্তরা এলাকায় আরও ৩৪ জনকে হত্যায় সহায়তার অভিযোগ রয়েছে।