বুধবার , ২০ মে ২০২৬
বুধবার , ২০ মে ২০২৬
হোমজাতীয়আনসার বাহিনীর সাহস ও নিষ্ঠায় দেশ আরও সমৃদ্ধ হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

আনসার বাহিনীর সাহস ও নিষ্ঠায় দেশ আরও সমৃদ্ধ হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
আনসার বাহিনীর সাহস ও নিষ্ঠায় দেশ আরও সমৃদ্ধ হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাহস, নিষ্ঠা ও দায়িত্বশীলতায় দেশ আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ গঠনে বাহিনীর ৬০ লাখ সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

মঙ্গলবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বুধবার (২০ মে) অনুষ্ঠিতব্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে এই বিবৃতি দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, দেশের যেকোনো প্রয়োজনে আনসার বাহিনীর সময়োপযোগী ভূমিকা প্রশংসনীয়। বিশেষ করে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি বাহিনীর সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও তৃণমূলের সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী আনসার বাহিনীর ৬৭০ শহীদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

বিবৃতিতে তিনি আরও বলেন, দীর্ঘ সময়ের শাসনব্যবস্থার পর বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।