দেশজুড়ে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির প্রবণতা, কিছু অঞ্চলে ভারি বর্ষণের আশঙ্কা
দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।
এ ছাড়া নোয়াখালী, খুলনা, বাগেরহাট ও যশোর জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার প্রভাবে এই আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে।.