বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
হোমবিশ্বট্রাম্পের ক্ষেপণাস্ত্র নীতি নিয়ে চীন–রাশিয়ার তীব্র সমালোচনা, গ্যাস চুক্তি আটকে গেল

ট্রাম্পের ক্ষেপণাস্ত্র নীতি নিয়ে চীন–রাশিয়ার তীব্র সমালোচনা, গ্যাস চুক্তি আটকে গেল

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রাম্পের ক্ষেপণাস্ত্র নীতি নিয়ে চীন–রাশিয়ার তীব্র সমালোচনা, গ্যাস চুক্তি আটকে গেল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও পারমাণবিক নীতির তীব্র নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। বেইজিংয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের এই নীতির বিরুদ্ধে যৌথ অবস্থান নেন।

বৈঠকে দুই নেতা অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের নতুন ক্ষেপণাস্ত্র পরিকল্পনা বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নবায়ন না করায় ওয়াশিংটনের সমালোচনাও করা হয়।

তবে বৈঠকে বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে একমত হলেও রাশিয়ার বহুল প্রতীক্ষিত একটি বড় অর্থনৈতিক প্রকল্পে অগ্রগতি হয়নি। রাশিয়া থেকে চীনে মঙ্গোলিয়ার মধ্য দিয়ে গ্যাস সরবরাহের জন্য প্রস্তাবিত ‘পাওয়ার অব সাইবেরিয়া ২’ পাইপলাইন চুক্তি এবারও চূড়ান্ত হয়নি।

বিশ্লেষকদের মতে, গ্যাসের দাম ও অর্থায়ন নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য থাকায় চুক্তিটি আটকে গেছে। ইউরোপীয় বাজার হারানোর পর রাশিয়ার জন্য এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও চীন এখনো সতর্ক অবস্থান বজায় রাখছে।

বুধবার (২০ মে) বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাষ্ট্রীয় সম্মানে স্বাগত জানান শি জিনপিং। বৈঠকের আগে এক সপ্তাহের ব্যবধানে চীনা প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও বেইজিংয়ে আতিথ্য দেন।

বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, ইরানের ওপর হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডেরও সমালোচনা করেছে চীন ও রাশিয়া।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান বৈশ্বিক রাজনৈতিক টানাপোড়েনে ট্রাম্প ও পুতিন নিজ নিজ দেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যস্ত থাকলেও শি জিনপিং আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে একটি শক্তিশালী ও শান্তিকামী নেতৃত্ব হিসেবে তুলে ধরতে চাইছেন।

সূত্র: রয়টার্স