ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা অংশে তীব্র যানজট, যাত্রীদের ভোগান্তি
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকামুখী লেনে দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়া থেকে মেঘনা–গোমতী সেতু পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।
বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট শুরু হয়। টানা তিন দিন ধরে ভোরবেলা থেকে দিনের বড় একটি সময় এই মহাসড়কে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন।
যাত্রী ও স্থানীয়রা জানান, দীর্ঘ সময় একই স্থানে আটকে থেকে ভ্যাপসা গরমে দুর্ভোগ আরও বেড়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, ভোরে মেঘনা–গোমতী সেতুর কাছে একটি ট্রাক উল্টে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।