দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা, দাবি আওয়ামী লীগ নেতাদের
মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে দেশে ফিরতে এবং বিচারের মুখোমুখি হতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমন দাবি করেছেন তার সঙ্গে সাম্প্রতিক সময়ে অনলাইন প্ল্যাটফর্মে বৈঠকে অংশ নেওয়া এবং সাক্ষাৎ করেছেন এমন একাধিক আওয়ামী লীগ নেতা।
এ বিষয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে টাইমস অব বাংলাদেশ। ওই প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে দলটির কয়েকজন নেতা জানান, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি ঘিরে দলের ভেতরে প্রস্তুতিও নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের একাধিক নেতার দাবি অনুযায়ী, দলীয় প্রধানের সম্ভাব্য দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।
তবে শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মতও দেখা দিয়েছে। আওয়ামী লীগ নেতারা বিষয়টি যেভাবেই উপস্থাপন করুক না কেন, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এটিকে ‘স্টান্টবাজি’ হিসেবে দেখছেন।