যাত্রাবাড়ী হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন
যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ।
গত ১৬ মে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মো. ইব্রাহিম খলিল এ আবেদন করেন বলে জানা গেছে।
শনিবার (২৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার প্রসিকিউশন বিভাগের এসআই মহিন উদ্দিন।
আদালত সূত্রে জানা যায়, বেলা ১১টা ২০ মিনিটের দিকে সাবেক প্রধান বিচারপতিকে হুইলচেয়ারে করে আদালতে হাজির করা হয়। শুনানির আগে তাকে তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায়।
প্রচণ্ড গরমের কারণে তাকে কাগজ দিয়ে তৈরি পাখা দিয়ে বাতাস করেন এক আইনজীবী। পরে শুনানি বিলম্বিত হলে ১১টা ৪৯ মিনিটের দিকে তাকে আদালত থেকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।
আদালত সূত্র আরও জানায়, দুপুরের পর গ্রেপ্তার সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে সময় তাকে আবার আদালতে হাজির করা হবে।