কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত চারজন আহত হয়েছেন।
শনিবার (২৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন বকুল, সুমন, আকাইলী ও কদভানু। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা সবাই বিএনপি-সমর্থিত প্রভাবশালী পরিবারের সদস্য। আহতদের মধ্যে বকুল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ছাতারপাড়া গ্রামে মালিথা বংশ ও মন্ডল বংশের মধ্যে জমিজমা ও এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর ধারাবাহিকতায় শনিবার দুপুরে মালিথা বংশের কয়েকজন সদস্য ও সমর্থক প্রতিপক্ষ মন্ডল বংশের আব্দুল হান্নানের ছেলে কর্নেলের কৃষিকাজে ব্যবহৃত সেচ মোটরের (ডিপ) ঘরে তালা লাগিয়ে দেন। একই সঙ্গে তার বাড়িতে হামলা ও ভাঙচুরের চেষ্টার অভিযোগও ওঠে।
এ সময় কর্নেল ও তার সমর্থকরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন বলে জানা গেছে।