হাম উপসর্গে নোয়াখালীতে ৭ বছরের শিশুর মৃত্যু, নতুন করে ১৯ জন হাসপাতালে ভর্তি
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল-এ হাম উপসর্গে মো. সামিত নামের ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এটি জেলায় হাম উপসর্গে প্রথম মৃত্যু বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সময়ে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ১৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৪ মে) ভোর সোয়া ৪টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, হঠাৎ করে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ ও চিকিৎসা কার্যক্রম জোরদার করেছে বলে জানা গেছে।