পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলার প্রধান আসামি দম্পতি আদালতে, অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি
রাজধানীর ঢাকা-এর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়েছে। তাদের রাখা হয়েছে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায়।
পুলিশ জানিয়েছে, শনিবার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার প্রস্তুতি চলছে। তদন্ত শেষে ইতিমধ্যে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে বলে জানানো হয়।
এদিকে রাষ্ট্রপক্ষের নিয়োগপ্রাপ্ত আইনজীবী অ্যাডভোকেট আজিজুল রহমান দুলুও আদালতে উপস্থিত হয়েছেন। তিনি জানান, আজই মামলার অভিযোগপত্র দাখিল করা হবে।
গত মঙ্গলবার (১৯ মে) দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর এলাকাজুড়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশের দাবি অনুযায়ী, ওই দিন সকালে পাশের ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা শিশুটিকে হত্যা করে ফ্ল্যাটের গ্রিল কেটে পালিয়ে যান। এ ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরে সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা দুইজনকে আসামি করে পল্লবী থানায় মামলা দায়ের করেন।