সোমবার , ২৫ মে ২০২৬
সোমবার , ২৫ মে ২০২৬
হোমজাতীয়ডিজিটাল যুগে জনসংযোগে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ

ডিজিটাল যুগে জনসংযোগে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ

favicon
ভোরের আলো ডেস্ক:
ডিজিটাল যুগে জনসংযোগে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ

বর্তমান যুগে ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া কার্যকর জনসংযোগ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ বিষয়ে পরিষ্কার ধারণা এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি।

রোববার (২৪ মে) সকালে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জনসংযোগ কর্মকর্তাদের পেশাগত দায়িত্বের অংশ হিসেবে তথ্যের সমন্বিত পরিবেশ বা ইনফরমেশন ইকোসিস্টেম সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। পাশাপাশি জনগণকে যে সেবা দেওয়া হচ্ছে, তা যথাযথভাবে পৌঁছানো হচ্ছে কি না, সে বিষয়ে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, তথ্য ক্যাডারে বর্তমানে ৩০০-এর বেশি কর্মকর্তা রয়েছেন এবং তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে একটি শক্তিশালী ও আধুনিক জনবল গড়ে তোলা প্রয়োজন।

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, ভুল তথ্য ও বিভ্রান্তিকর তথ্য (মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন) শনাক্ত এবং যাচাইয়ের ক্ষেত্রে এআই প্রযুক্তি কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব।