পশ্চিম এশিয়ার পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
পশ্চিম এশিয়ার চলমান আঞ্চলিক অস্থিরতা এবং সরবরাহ ব্যবস্থার ওপর চাপের প্রেক্ষাপটে বন্ধুত্ব ও সংহতির নিদর্শন হিসেবে কুয়েতে ২৪০ টন জরুরি খাদ্যসামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।
সোমবার (২৫ মে) থেকে একাধিক ফ্লাইটে এসব খাদ্যসামগ্রী কুয়েতে পৌঁছানো শুরু হবে। এর আগে রবিবার (২৪ মে) কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতীকীভাবে খাদ্য চালান হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল-আহমেদ আল-সাবাহ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালির অস্থিরতা এবং বৈশ্বিক সরবরাহ চেইনের চাপ মোকাবিলায় কুয়েতের কৌশলগত খাদ্য মজুদ শক্তিশালী করতেই এই সহায়তা প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে হুমায়ুন কবির কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ-এর উদ্দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন। বার্তায় কুয়েতের জনগণের শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করা হয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, খাদ্য নিরাপত্তা এবং বেসামরিক বিমান চলাচলসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।