সোমবার , ২৫ মে ২০২৬
সোমবার , ২৫ মে ২০২৬
হোমরাজনীতিট্যাগের রাজনীতি জনজীবনকে বিষাক্ত করছে: হোসেন জিল্লুর রহমান

ট্যাগের রাজনীতি জনজীবনকে বিষাক্ত করছে: হোসেন জিল্লুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্যাগের রাজনীতি জনজীবনকে বিষাক্ত করছে: হোসেন জিল্লুর রহমান

রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ করে ‘ট্যাগ’ বা লেবেল ব্যবহারের সংস্কৃতি জনজীবনকে ধীরে ধীরে বিষাক্ত করে তুলছে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।


তিনি বলেন, এ ধরনের প্রবণতা শুধু রাজনৈতিক বিভাজন বাড়াচ্ছে না, বরং রাষ্ট্রীয় শাসন ও নীতিনির্ধারণের বাস্তব ও নিরপেক্ষ মূল্যায়নকেও বাধাগ্রস্ত করছে।


শনিবার অনলাইনে আয়োজিত ‘নতুন সরকারের তিন মাস: একটি প্রাথমিক পর্যালোচনা’ শীর্ষক ওয়েবিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার।


হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের নাগরিক আলোচনাকে আবেগনির্ভর রাজনৈতিক বিতর্ক থেকে বের করে প্রমাণভিত্তিক ও তথ্যনির্ভর বিশ্লেষণের দিকে নিয়ে যাওয়া প্রয়োজন। রাজনৈতিক বিরোধীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতিবাচক লেবেল দেওয়া এখন একটি শিকড়গাড়া সংস্কৃতিতে পরিণত হয়েছে, যা জনআলোচনাকে দূষিত করছে এবং নীতি বিশ্লেষণের স্বচ্ছতা নষ্ট করছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি নাগরিক ও ব্যবসায়িক অংশীজনদেরও গঠনমূলক আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য গড়ে তোলায় ভূমিকা রাখতে হবে।

বর্তমান সরকারের শুরুর চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, সরকার তিন ধরনের চাপ নিয়ে যাত্রা শুরু করেছে। এর মধ্যে রয়েছে অতীতের সংকট, বৈশ্বিক জ্বালানি অস্থিরতা এবং জনগণের প্রত্যাশা পূরণের চাপ।

তিনি বলেন, দীর্ঘ সময়ের শাসন ব্যবস্থার কারণে দেশের প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক দুর্বলতা তৈরি হয়েছে। পাশাপাশি শাসন ব্যবস্থার ঘাটতির কারণে নতুন সরকারের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

ভূরাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক উত্তেজনা ও জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়ছে।

আলোচনায় অংশ নেওয়া বক্তারা বলেন, নতুন সরকারের প্রথম তিন মাস সংস্কার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, বাজার স্থিতিশীলতা এবং নীতি বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করেছে।