অনুমতি ছাড়াই কলেজ মাঠে গরুর হাট বসানোর অভিযোগ, তালা ভেঙে প্রবেশের দাবি
কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের অনুমতি না থাকলেও পেশিশক্তি ব্যবহার করে কুড়িগ্রামের চিলমারী সরকারি ডিগ্রি কলেজের মাঠে গরুর হাট বসানোর অভিযোগ উঠেছে।
রবিবার (২৪ মে) দুপুরে কলেজ গেটের তিনটি তালা ভেঙে মাঠে প্রবেশ করে বাঁশের খুঁটি গেড়ে হাট শুরু করা হয় বলে অভিযোগ করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মজিবল হায়দার চৌধুরী।
অভিযোগে বলা হয়, জেলা ছাত্রদলের সদ্য সাবেক কমিটির সহ-সমাজসেবা সম্পাদক জিহাদ ফেরদৌস চমক জোরপূর্বক হাট বসানোর সঙ্গে জড়িত। তিনি চিলমারী উপজেলা শহরের বাসিন্দা।
কলেজ অধ্যক্ষ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পশুর হাট বসানোর কোনো অনুমতি নেই। কলেজের স্টাফ কাউন্সিলের সিদ্ধান্তেও হাট না বসানোর রেজুলেশন পাস করা হয়েছে।
তিনি আরও জানান, গত ২০ মে লিখিতভাবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক এবং চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছিল।