ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রী
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে দীর্ঘ ২৩ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যমুনা সেতু সংযোগ সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি এবং রাতে একাধিক গাড়ি বিকল হয়ে পড়ায় সোমবার দিবাগত রাত থেকে এ পরিস্থিতি তৈরি হয়। যানজট যমুনা সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা পর্যন্ত বিস্তৃত।
দীর্ঘ সময় ধরে যান চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েন।
পাবনাগামী এক যাত্রী জানান, ভোরে বাস না পেয়ে বাধ্য হয়ে ট্রাকে উঠলেও স্বাভাবিক সময়ের দেড় ঘণ্টার পথ পাড়ি দিতে প্রায় সাড়ে তিন ঘণ্টা লেগেছে। মহাসড়কের বিভিন্ন স্থানে থেমে থেমে যানজটে আটকে থাকতে হচ্ছে বলে তিনি জানান।
আরেক যাত্রী বলেন, পথে বাসে আসন না পেয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ট্রাকে উঠলেও সেখানেও যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী
জানিয়েছেন, রাতে বৃষ্টি ও যানবাহনের অতিরিক্ত চাপে সাময়িকভাবে যানজট তৈরি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।