বুধবার , ২৭ মে ২০২৬
বুধবার , ২৭ মে ২০২৬
হোমসারা দেশবৃষ্টি ও যানজটে ভোগান্তিতে ঈদযাত্রার ঘরমুখো মানুষ

বৃষ্টি ও যানজটে ভোগান্তিতে ঈদযাত্রার ঘরমুখো মানুষ

favicon
ভোরের আলো ডেস্ক:
বৃষ্টি ও যানজটে ভোগান্তিতে ঈদযাত্রার ঘরমুখো মানুষ

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজট ও ধীরগতির সৃষ্টি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে টানা বৃষ্টি, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (২৬ মে) যমুনা সেতু পূর্ব টোল প্লাজা থেকে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন থেমে থেমে চলাচল করে। এতে বাড়ি ফেরা মানুষকে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হয়।

বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। অনেক যাত্রী নির্ধারিত সময়ের তুলনায় কয়েক ঘণ্টা বেশি সময় রাস্তায় কাটিয়েছেন বলে জানিয়েছেন।

যাত্রীদের অভিযোগ, বৃষ্টির কারণে যানবাহনের গতি কমে যাওয়ার পাশাপাশি অতিরিক্ত যানবাহনের চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

গাজীপুরের চন্দ্রা থেকে উত্তরবঙ্গগামী এক যাত্রী জানান, পথে কয়েকবার বৃষ্টির মুখে পড়তে হয়েছে, ফলে বাস ধীরগতিতে চলেছে। অন্যদিকে ঢাকা থেকে মধুপুরগামী আরেক যাত্রী বলেন, যানজট ও বৃষ্টির কারণে যাত্রাপথে স্বাভাবিক সময়ের প্রায় দ্বিগুণ সময় লেগেছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকে মহাসড়ক পর্যবেক্ষণ করা হলেও যানবাহনের অতিরিক্ত চাপের কারণে ভোগান্তি পুরোপুরি কমানো সম্ভব হয়নি।