ঈদযাত্রায় নির্ধারিত ভাড়ায় স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ: সেতুমন্ত্রী
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণপরিবহনগুলো বাড়তি ভাড়া আদায় করছে না এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (২৬ মে) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা কিছুটা কম থাকায় সীমাবদ্ধতা রয়েছে। পাশাপাশি অনেক যাত্রীর চলন্ত গাড়িতে ওঠার প্রবণতাও সমস্যার সৃষ্টি করছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “যাত্রীদের মধ্যে একটি অভ্যাস রয়েছে—তারা চলন্ত অবস্থায় গাড়িতে ওঠার চেষ্টা করেন। সচেতন যাত্রী অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিচ্ছি।”
এ সময় তিনি সড়কের ওপর পশুর হাট বসার বিষয়েও কথা বলেন। কিছু হাটে অতিরিক্ত ভিড়ের কারণে পশু ও মানুষের চাপ সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ছে বলে তিনি জানান।
মন্ত্রী আরও বলেন, ঈদযাত্রা ও পশু পরিবহন—দুটি বিষয়ই নিরাপদ রাখতে হবে। সরকারের কিছু সীমাবদ্ধতা থাকলেও দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি যাত্রীদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অনেকেই নিজের জীবনের নিরাপত্তা বিবেচনা না করেই ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছেন। তবে এবার আগের তুলনায় নির্ধারিত ভাড়ায় ও তুলনামূলক স্বস্তিতে মানুষ বাড়ি ফিরছে বলেও দাবি করেন তিনি।