শনিবার , ৩০ মে ২০২৬
শনিবার , ৩০ মে ২০২৬
হোমসারা দেশনাঙ্গলকোটে ডাকাতিয়া নদীতে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

নাঙ্গলকোটে ডাকাতিয়া নদীতে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

favicon
ভোরের আলো ডেস্ক:
নাঙ্গলকোটে ডাকাতিয়া নদীতে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ডাকাতিয়া নদীতে ডুবে নিখোঁজ হওয়া এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।


শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৭টার দিকে নদীর কচুরিপানার নিচ থেকে শিহাব হোসেন (১৮)-এর মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহিরুল ইসলাম শিপনের ছেলে এবং চট্টগ্রাম নৌবাহিনী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।


নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের যৌথ অভিযানে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাড়িতে আসেন শিহাব। শুক্রবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে ডাকাতিয়া নদীর পাড়ে ঘুরতে গিয়ে তিনি সাঁতার কাটতে নেমে যান। এ সময় প্রবল স্রোতের কারণে তিনি তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।


ঘটনার পর চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও পরে চাঁদপুর থেকে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালানো হলেও তার সন্ধান মেলেনি। পরে রাতের জন্য অভিযান স্থগিত করা হয় এবং শনিবার সকালে পুনরায় অভিযান চালানো হলে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।