ঈদের ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সরকারি-বেসরকারি সব অফিস
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আগামী সোমবার (১ জুন) থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস খুলছে।
২৫ মে থেকে শুরু হওয়া ঈদের ছুটি শেষ হচ্ছে রবিবার (৩১ মে)। ফলে সোমবার থেকে ব্যাংক, বিমা, শেয়ারবাজারসহ সব আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।
গত ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ঈদ উপলক্ষে সরকার আগে থেকেই ছয় দিনের ছুটি ঘোষণা করেছিল। পরবর্তীতে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়ানো হয়, ফলে মোট সাত দিনের ছুটি কার্যকর হয়।
ছুটির আগে ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনেও অফিস চালু ছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান জানিয়েছেন, ঈদের ছুটি শেষে ১ জুন থেকে শেয়ারবাজারে লেনদেন ও সব ধরনের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চলবে।
ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। ফলে আগামী সপ্তাহ থেকে রাজধানীসহ সারাদেশে প্রশাসনিক ও অর্থনৈতিক কার্যক্রম আবার পুরোদমে সচল হবে।