লক্ষ্মীপুরে স্ত্রীকে কুপিয়ে আহতের ঘটনায় ঈদের দিনেই পালিয়ে যাওয়া স্বামী গ্রেপ্তার
লক্ষ্মীপুরে ঈদের দিন স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় স্বামী রিয়াজুল ইসলাম রাজুকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৩০ মে) সকালে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. মুহিত কবির সেরনিয়াবত বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (২৯ মে) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজু লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের হুগলডহুরী গ্রামের খইয়া গাজী হাওলাদার বাড়ির মো. ইউছুফের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে রাজুর সঙ্গে পূর্ণিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে ঈদের দিন ধারালো দা দিয়ে পূর্ণিমাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে রাজু পালিয়ে যায়।
আহত অবস্থায় পূর্ণিমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
এ ঘটনায় পূর্ণিমার মা পাখি বেগম বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে সদর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত রাজুকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।