দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
মানুষের কল্যাণ ও সেবার আদর্শ নিয়েই রাজনীতিতে এসেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সমাজের সব শ্রেণির মানুষকে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
শনিবার (৩০ মে) রাজধানীর নয়াপল্টনে দুঃস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সমাজে যার যার অবস্থান থেকে মানবিক দায়িত্ব পালন করতে হবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে একটি সহমর্মিতাপূর্ণ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, মানবিকতা, সহানুভূতি ও দায়িত্ববোধের চর্চা সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সমাজের প্রতিটি নাগরিককে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে।
পরে রাজধানীর যাত্রাবাড়ীতে আরেকটি খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, শুধু সরকার বা রাজনৈতিক দলের ওপর নির্ভর না করে সমাজের প্রতিটি সামর্থ্যবান ব্যক্তি যদি একজন করে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসে, তাহলে দেশের সামগ্রিক উন্নয়ন এবং মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন সম্ভব হবে।