ইরানের জলসীমায় মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির
ইরানের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
রোববার (৩১ মে) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘এমকিউ-১’ মডেলের একটি মার্কিন ড্রোন ইরানের ভেতরে একটি শত্রুতামূলক অভিযান পরিচালনার চেষ্টা করছিল।
বিবৃতিতে বলা হয়, ড্রোনটি ইরানের জলসীমায় প্রবেশ করার পর বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে শনাক্ত করে। পরে দ্রুত ব্যবস্থা নিয়ে ড্রোনটিকে লক্ষ্যবস্তু বানিয়ে গুলি করে ভূপাতিত করা হয়।
আইআরজিসি আরও দাবি করেছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের আগ্রাসনের জবাবে কঠোর ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনাটির স্বাধীনভাবে যাচাইও সম্ভব হয়নি।
সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই ঘটনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করতে পারে।