তিন দিনে ৩২ হাজার টনের বেশি কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটি জানিয়েছে, তিন দিনে মোট ৩২ হাজার ৬৬২ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে।
ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১৪ হাজার ৮১৪ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে নেওয়া হয়।
ঈদের পরের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আরও ৮ হাজার ৯৭৭ টন বর্জ্য ডাম্পিং করা হয়।
এ ছাড়া শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অতিরিক্ত ৮ হাজার ৮৭১ টন বর্জ্য ল্যান্ডফিলে পৌঁছানো হয়েছে।
ডিএসসিসি জানিয়েছে, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করে নগরবাসীর ভোগান্তি কমাতে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
কোরবানির মৌসুমে নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা দিনরাত কাজ করছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।