বিএনপিতে কিছু অশিক্ষিত লোক আছে, তাদের প্রশিক্ষণ দরকার: আসিফ মাহমুদ
বিএনপিতে কিছু “অশিক্ষিত লোকজন” রয়েছে এবং তারা বাজেট নির্ধারণ প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা রাখে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (৩১ মে) দুপুরে কালশীর বাউনিয়া বস্তিতে খাবার বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাজেট নির্ধারণ মানে সরাসরি টাকা নিয়ে যাওয়া নয়—এ বিষয়ে রাজনৈতিক দলের সংশ্লিষ্টদের আরও সচেতন ও প্রশিক্ষিত হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে বিএনপির উচিত তাদের নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।
স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পেলে বস্তিবাসীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, বস্তি উচ্ছেদের ক্ষেত্রে অনেক সময় পূর্ব নোটিশ দেওয়া হয় না।
আসিফ মাহমুদ বলেন, সরকারি জমি সরকার পুনরুদ্ধার করবে, তবে সেখানে বসবাসকারীদের পুনর্বাসনের ব্যবস্থা থাকা উচিত। আবাসন প্রকল্প হলে তালিকা অনুযায়ী বস্তিবাসীদের সুযোগ দেওয়া যেতে পারে।
তিনি আরও অভিযোগ করেন, পূর্বের সময় থেকেই উচ্ছেদের আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আসছে, যা তিনি স্বাভাবিক হিসেবে দেখছেন না। সম্প্রতি কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তেরও দাবি জানান তিনি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।