শান্তি সমঝোতা নিয়ে অচলাবস্থা, অনড় অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি সমঝোতা নিয়ে এখনো কোনো ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আলোচনায় উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকায় সমঝোতার পথ জটিল হয়ে উঠেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রস্তাবিত চুক্তি থেকে হরমুজ প্রণালি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ–সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ বিষয় বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরান এ বিষয়ে কোনো ধরনের ছাড় দিতে রাজি নয় এবং নিজেদের অবস্থান থেকে সরে আসারও ইঙ্গিত দেয়নি।
ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানি জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ সুরক্ষার সুস্পষ্ট নিশ্চয়তা ছাড়া তেহরান কোনো সমঝোতা গ্রহণ করবে না। তিনি জোর দিয়ে বলেন, দেশের স্বার্থ উপেক্ষা করে সংঘাত নিরসনের নামে কোনো চুক্তি করা হবে না।
এদিকে সম্ভাব্য যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি নিয়ে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট এবং দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসেন। তবে দীর্ঘ আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
ফলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতপার্থক্য এখনো বড় বাধা হয়ে রয়েছে। পরিস্থিতির দ্রুত সমাধান নিয়ে অনিশ্চয়তা কাটেনি।