সোমবার , ০১ জুন ২০২৬
সোমবার , ০১ জুন ২০২৬
হোমজাতীয়রামিসা হত্যা মামলায় নতুন নাম ‘ডলার’, আদালতে সোহেলের বিস্ফোরক দাবি

রামিসা হত্যা মামলায় নতুন নাম ‘ডলার’, আদালতে সোহেলের বিস্ফোরক দাবি

favicon
ভোরের আলো ডেস্ক:
রামিসা হত্যা মামলায় নতুন নাম ‘ডলার’, আদালতে সোহেলের বিস্ফোরক দাবি

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় নতুন করে ‘ডলার’ নামে এক ব্যক্তির নাম উল্লেখ করেছেন মামলার অন্যতম অভিযুক্ত সোহেল রানা। আদালতে নেওয়ার সময় তিনি দাবি করেন, শিশুটিকে ধর্ষণ করলেও হত্যাকাণ্ডে আরেক ব্যক্তি জড়িত ছিল।

সোমবার (১ জুন) সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হাজির করার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সোহেল রানা। এ সময় তিনি বলেন, “আমি একা দায়ী নই। আমি ধর্ষণ করেছি, কিন্তু হত্যা করেছে ডলার।”

একই সঙ্গে তিনি তার স্ত্রী স্বপ্না খাতুনকে সম্পূর্ণ নির্দোষ বলেও দাবি করেন।

আলোচিত এ মামলায় ‘ডলার’ নামটি এই প্রথম প্রকাশ্যে আসে। তবে ওই ব্যক্তি কে, তার পরিচয় বা ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

এর আগে রোববার সোহেল রানা ও স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হলে বিচারক মাসরুর সালেকীন তাদের বিরুদ্ধে রামিসাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে মামলার বিচার কার্যক্রম শুরু হয়।

আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে। প্রথম সাক্ষী হিসেবে আদালতে বক্তব্য দেবেন নিহত শিশুর বাবা আবদুল হান্নান মোল্লা।

তবে সোহেল রানার এ বক্তব্য আদালতে প্রমাণিত কোনো তথ্য নয়। মামলার তদন্ত, সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই অভিযোগগুলোর সত্যতা নির্ধারিত হবে।