নয়াদিল্লিতে ৫৭তম বিজিবি–বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু ৮ জুন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন আগামী ৮ জুন ভারতের নয়াদিল্লিতে শুরু হতে যাচ্ছে। চার দিনব্যাপী এ শীর্ষ বৈঠক চলবে ১১ জুন পর্যন্ত।
সোমবার (১ জুন) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নেবে। এই দলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের প্রতিনিধিরাও থাকবেন।
অন্যদিকে, বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ভারতের একটি প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করবে। ওই দলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার কর্মকর্তারা থাকবেন।