মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশেই যথেষ্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান
মশক নিধনের কৌশল শেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কয়েকজন কর্মকর্তার প্রস্তাবিত যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।
জানা গেছে, মশক নিয়ন্ত্রণ ও নিধনের উদ্ভাবনী কার্যক্রম পর্যবেক্ষণের উদ্দেশ্যে ডা. শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। তবে প্রধানমন্ত্রী সেই প্রস্তাব অনুমোদন না দিয়ে সরাসরি বাতিল করে দেন।
এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, মশক নিধনের পদ্ধতি শেখার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। দেশের যেকোনো এলাকায় সন্ধ্যার সময় ডোবার পাশে কয়েক ঘণ্টা অবস্থান করলেই মশার সমস্যা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা সম্ভব এবং সেখান থেকেই কার্যকর সমাধানের ধারণা পাওয়া যেতে পারে।
সূত্র জানায়, প্রস্তাবিত সফরের ব্যয় বহনের কথা ছিল Valent BioSciences LLC-এর। তবে সফরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী তা নাকচ করেন।
প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে অনেকে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের প্রয়োজনীয়তা, ব্যয়সংকোচন এবং দেশের বাস্তব সমস্যার স্থানীয় সমাধান খোঁজার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন।