রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল যুক্তিতর্ক
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শেষ হয়েছে। মামলার ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
এর ফলে অভিযোগ গঠনের পর মাত্র এক দিনের মধ্যেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো বলে জানা গেছে। মঙ্গলবার (২ জুন) পর্যন্ত মামলার বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ সাক্ষ্য উপস্থাপন করা হয়।
মামলায় সাক্ষ্য দিয়েছেন নিহত রামিসার পরিবারের সদস্য, তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ এবং ম্যাজিস্ট্রেটসহ মোট ১৬ জন সাক্ষী।
সাক্ষ্যগ্রহণের সময় আদালতে মামলার ঘটনার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য উঠে আসে। এ সময় অনেক সাক্ষী, এমনকি রামিসার বাবা ও কয়েকজন পুলিশ কর্মকর্তা আবেগাপ্লুত হয়ে পড়েন।
মামলার বাদী ও পরিবারের সদস্যরা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আগামীকাল বুধবার (৩ জুন) মামলায় যুক্তিতর্ক উপস্থাপন অনুষ্ঠিত হবে। এরপর আসামিপক্ষের যুক্তিতর্ক ও আত্মপক্ষ সমর্থন শেষে রায়ের তারিখ নির্ধারণ করবেন আদালত।