মঙ্গলবার , ০২ জুন ২০২৬
মঙ্গলবার , ০২ জুন ২০২৬
হোমবিশ্ববিতর্কিত ১.৮ বিলিয়ন ডলারের তহবিল থেকে পিছু হটার ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের

বিতর্কিত ১.৮ বিলিয়ন ডলারের তহবিল থেকে পিছু হটার ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের

favicon
ভোরের আলো ডেস্ক:

তীব্র রাজনৈতিক বিরোধিতা ও আইনি জটিলতার মুখে যুক্তরাষ্ট্রের ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল পরিকল্পনা থেকে সাময়িকভাবে সরে আসার ইঙ্গিত দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেল আদালত এই কর্মসূচির ওপর স্থগিতাদেশ জারি করার পর প্রশাসন আপাতত এর কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে পরিকল্পনাটি পুরোপুরি বাতিল করা হবে নাকি সাময়িকভাবে স্থগিত থাকবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বিষয়টি ইতোমধ্যে মার্কিন কংগ্রেসের রিপাবলিকান শীর্ষ নেতাদের অবহিত করা হয়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এখনো প্রকাশ্যে তহবিলটি বাতিলের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

একটি সূত্র জানিয়েছে, প্রশাসনের বর্তমান অবস্থান হলো আদালতের নির্দেশনা মেনে চলা এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা। এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, তারা ফেডারেল আদালতের দেওয়া স্থগিতাদেশ মেনে চলবে, যা আগামী ১২ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

এ বিষয়ে ট্রাম্প বলেন, আদালতের সিদ্ধান্তই এখন কার্যকর। আদালত অনুমতি না দিলে প্রশাসনের পক্ষে পরিকল্পনাটি এগিয়ে নেওয়া সম্ভব নয়।

তবে ট্রাম্প এখনো এই তহবিল কর্মসূচির প্রয়োজনীয়তায় আস্থা রাখেন বলে তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে। জানা গেছে, মাইক জনসন-এর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর প্রশাসন তুলনামূলক নমনীয় অবস্থান গ্রহণ করেছে।

বিশ্লেষকদের মতে, আদালতের রায় এবং রাজনৈতিক আলোচনার অগ্রগতির ওপরই এখন এই বিতর্কিত তহবিল পরিকল্পনার ভবিষ্যৎ নির্ভর করছে।