রামিসা হত্যা মামলায় আসামির প্রকাশ্য বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামির আদালতের বাইরে দেওয়া বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ নির্দেশনা দেন। আদালতের আদেশ অনুযায়ী, পুলিশের হেফাজতে থাকা অবস্থায় আসামি প্রকাশ্যে কোনো বক্তব্য দিতে পারবেন না এবং তার এমন কোনো বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যাবে না।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। মামলাটির জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্বপ্রাপ্ত আইনজীবী আজিজুর রহমান এ আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের যুক্তি ছিল, বিচারাধীন মামলায় আসামির প্রকাশ্য বক্তব্য মামলার স্বাভাবিক বিচারিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত এ নির্দেশনা জারি করেন।