মঙ্গলবার , ০২ জুন ২০২৬
মঙ্গলবার , ০২ জুন ২০২৬
হোমসারা দেশভোলার মাটিতে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

ভোলার মাটিতে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

favicon
ভোরের আলো ডেস্ক:
ভোলার মাটিতে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ-কে তার নিজ জেলা ভোলায় দাফন করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে সদর উপজেলার কোড়ালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে তার মা-বাবা ও প্রয়াত স্ত্রীর কবরের পাশেই তাকে দাফন করা হয়েছে।

সকালে গ্রামের বাড়িতে দাফনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। নিজ বাড়ির সামনে কবর খননসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

ঢাকায় প্রথম জানাজা শেষে দুপুরে হেলিকপ্টারযোগে মরদেহ ভোলায় নেওয়া হয়। পরে ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দ্বিতীয় জানাজার আগে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়াত এই রাজনীতিবিদকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তোফায়েল আহমেদ দেশের রাজনীতি ও মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।