আগামীকাল বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা পর্যায়ের নতুন মূল্যহার আগামীকাল বুধবার (৩ জুন) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (২ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বিকেল ৩টায় বিদ্যুতের মূল্যহার পুনর্নির্ধারণ সংক্রান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
বিইআরসি সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাব জমা দিয়েছে। পাশাপাশি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি বিদ্যুতের সঞ্চালন মূল্যহার পুনর্নির্ধারণের আবেদন করেছে।
এছাড়া খুচরা বিদ্যুতের মূল্যহার সংশোধনের জন্য প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি।
নতুন মূল্যহার কার্যকর হলে তা দেশের বিদ্যুৎ খাতের উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার ওপর প্রভাব ফেলবে। তবে মূল্যহার বৃদ্ধি, হ্রাস বা অপরিবর্তিত রাখা হবে কিনা, সে বিষয়ে বিইআরসি এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।