জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা, গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, ড. খলিলুর রহমান বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও উজ্জ্বল করবেন এবং বিভিন্ন আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংলাপ, সহযোগিতা ও বহুপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, নতুন দায়িত্ব পালনে ড. খলিলুর রহমানের সর্বাত্মক সাফল্য কামনা করছে সরকার ও দেশের জনগণ।
উল্লেখ্য, মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস এস. কাকোরিস-কে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান।
ভোটে অংশ নেয় ১৯০টি সদস্য রাষ্ট্র। এর মধ্যে ড. খলিলুর রহমান ৯৯টি ভোট পেয়ে বিজয়ী হন, আর আন্দ্রেয়াস এস. কাকোরিস পান ৯১টি ভোট। এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের একজন পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের সুযোগ পেলেন।