জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে তিনি দেশে পৌঁছান। এর আগে গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।
ভোটে মোট ১৯৩টি সদস্য রাষ্ট্র অংশগ্রহণ করে। ফলাফলে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস. কাকোরিস, যিনি পান ৯১ ভোট।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব তিনি এক বছরের জন্য পালন করবেন। এ পদে তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক–এর স্থলাভিষিক্ত হচ্ছেন।
বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।
গত তিন মাস ধরে এই পদে নির্বাচনের জন্য বাংলাদেশ ব্যাপক কূটনৈতিক প্রচারণা চালায়। নির্বাচনের ফলাফলকে দেশটির জন্য আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।